মসজিদের অতিরিক্ত কুরআন শরীফ বিক্রয় করা
প্রশ্ন
অনেক মসজিদে লোকদের মান্নতের কুরআন শরীফ এত বেশী পরিমাণে জমে যায় যে, তা আর পড়ার লোক পাওয়া যায় না। এভাবে কুরআন শরীফগুলি অযত্নে-অবহেলায় পড়ে থাকে। সেসব কুরআন শরীফ বিক্রি করে তার টাকা মসজিদে খরচ করা জায়েয হবে কি?
উত্তর
প্রথম কথা হল মসজিদের নামে কোন কিছুর মান্নত হয় না। কারণ, মান্নতের টাকা সেসব খাতে ব্যয় করতে হয় যেখানে যাকাতের অর্থ ব্যয় করা যায়। আর মসজিদে যেহেতু যাকাতের টাকা ব্যয় করা যায় না তাই সেখানে মান্নত মানাও সহীহ নয়।
এতদসত্ত্বেও কেউ যদি মসজিদের নামে মান্নত করে তাহলে তা পুরণ করাও জরুরী নয়। তার পরেও যদি কেউ দিয়ে দেয় তাহলে তা নফল দান হিসেবে গণ্য হবে। তাই সে সব জিনিষ বিক্রি করে তার টাকা মসজিদের কাজে খরচ করা যাবে। আর উক্ত টাকার দ্বারা ইমাম মুয়াযযিনের বেতনও দেয়া যাবে। কিন্তু সরাসরি ইমাম-মুয়াযযিনকে দেয়া যাবে না। (ফাতওয়ায়ে দারুল উলুম-১/১২৯)
এটা হল কুরআন শরীফ ছাড়া অন্য কোন জিনিষ যদি মসজিদে দেয় তার হুকুম। যেমন, লাউ, মুরগী, নারকেল ইত্যাদি। আর লোকেরা যেসব কুরআন শরীফ মসজিদে দেয় তা সাধারণতঃ মসজিদের মুসল্লীদের পড়ার জন্য ওয়াকফ করে থাকে। আর ওয়াকফকৃত জিনিষের ক্রয় বিক্রয় নিষিদ্ধ। সুতরাং অতিরিক্ত এসব কুরআন শরীফ বিক্রি করা জায়েয হবে না। তবে প্রয়োজন হলে অন্য কোন মসজিদে দিয়ে দেয়া জায়েয আছে। (ফাতওয়া রহীমিয়া-৬/৭৭, ইমদাদুল ফাতওয়া-২/৬৭৬)