ভক্তি থাকলে পাথরেও মুক্তি মিলে
প্রশ্ন
”ভক্তি থাকলে পাথরেও মুক্তি মিলে”- এই কথাটি কী ঠিক?
উত্তর
আলোচ্য কথাটি ও আমাদের সমাজে হাদীস হিসেবে প্রচলিত আছে। হাদীসটির আরবী ইবারত হচ্ছে নিম্নরূপ:
لو احسن احدكم طنه بحجر النفعه الله به
অর্থাৎ তোমাদের কেউ যদি পাথরের ব্যাপারে সুধারণা রাখে তাহলে আল্লাহ তা‘আলা তা দ্বারা তার উপকার সাধন করবেন। যে সব বে-ইলম লোকজন ঝাড়-ফুঁক, তাবীয-কবজ ও পানি পড়া ইত্যাদিতে অভ্যস্ত তাদের অনেকে মানুষকে আকৃষ্ট করার জন্য এসব সস্তা বুলি আওড়িয়ে থাকে। বিশিষ্ট হাদীস বিশারদ আল্লামা ইবনুল কায়্যিম রহ. উক্তিটির অসারতা বর্ণনা করতে যেয়ে বলেন, এটি মূর্তিপুজারী মুশরিকদের জালকৃত। (তালমানারুল মুনীফ ফিস সহীহে ওয়ায যাইফ ১৩৯)
আলোচ্য উক্তি সম্পর্কে আল্লামা সাখাবী রহ. বলেন, ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, এর কোন ভিত্তি নেই। (আল মাকাসিদুল হাসানা -৪০২)
এছাড়া ও আরো বড় বড় হাদীস বিশারদগণ যেমন, আল্লামা তাহের পাটনী, মোল্লা আলী কারী প্রমুখ এটির ভিত্তিহীন হওয়ার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। (তাযকিরাতুল মাওযুআত-২৮)