মসজিদ বা ঘরে মিউজিক ঘড়ি রাখা
প্রশ্ন
আমাদের দেশে অনেক মসজিদে এবং বাড়ীতে বাজনাদার ঘড়ি রাখতে দেখা যায়, যেগুলি কিছুক্ষণ পর পর গানের বাজনার মত বাজে। এগুলি সম্পর্কে শরী‘আতের হুকুম কি?
উত্তর
ঘন্টা যুক্ত ঘড়ি মসজিদে রাখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সময়মত নামায আদায় করা এবং নামাযের সঠিক সময় নির্ণয় করা। সে মতে ঘন্টাযুক্ত ঘড়ি মসজিদে রাখা জায়েয, কিন্তু তাই বলে গান-বাজনার আওয়ায মসজিদে প্রবেশ করানো জায়েয নেই। এমন কোন কিছু যা নামাযের একাগ্রতা নষ্ট করে তা মসজিদে রাখা জায়েয নেই। এজন্যই ফুকাহায়ে কেরাম মসজিদের সামনের দেয়ালে অর্থাৎ কিবলার দিকের দেয়ালে সুন্দর কারুকার্য করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। কেননা এতে নামাযের একাগ্রতা বিনষ্ট হয়। তাই মিউজিকআলা ঘড়ির বদলে সাধারণ ঘন্টাযুক্ত ঘড়ি রাখা বাঞ্ছনীয়। নবী করীম ﷺ তো বাদ্যযন্ত্র, মূর্তি ইত্যাদি মিটানোর জন্যই দুনিয়াতে এসেছিলেন, সেই বাদ্যযন্ত্র মসজিদে বা কোন মুসলমানের ঘরের ভেতর রাখা কিভাবে জায়েয হতে পারে? আসলে এসবই বিধর্মীদের ষড়যন্ত্র। মুসলমানদেরকে আল্লাহর রহমত থেকে দূরে সরানোর জন্য এভাবে তারা অনৈসলামিক কাজগুলি লোভনীয় আকৃতিতে পেশ করে মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। আর মুসলমানরা তার উপর হুমড়ি খেয়ে পড়ছে এবং আল্লাহর রহমত থেকে দূরে সরে যাচ্ছে। (রহীমিয়া ৬/১৩১)