টিভি-অডিও ক্যাসেট ইত্যাদি বিক্রি করা ও তার ব্যবসা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৬ মার্চ, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

টিভি, অডিও, ভিডিও এবং ঐ সংক্রান্ত ক্যাসেটের দোকান দেয়া ও তার ব্যবসা পরিচালনা করা মুসলমানদের জন্য জায়েয হবে কি? আর যদি হারাম হয়ে থাকে এবং কোন ব্যক্তি তার পিতা-মাতার আদেশ অমান্য করে উক্ত ব্যবসা পরিচালনা করে, তবে পিতা-মাতার উপর করণীয় কি?

উত্তর

প্রচলিত টিভি, ভিসিআর ও ভিডিও ইত্যাদি যেহেতু নাজায়েয খেলাধুলা ও গান-বাজনা এবং নারীদের সৌন্দর্য প্রদর্শনীর মাধ্যম এবং সেগুলোতে চরিত্র বিধ্বংসী নারী-পুরুষের অশ্লীল কথা বা ছবি ইত্যাদি প্রদর্শিত হয়, যা শরী‘আতের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম; তাই টিভি, ভিসিআর, ভিডিও ইত্যাদির দোকান দেয়া বা ব্যবসা করা মুসলমানদের জন্য জায়েয নয়। অশ্লীল বা চারিত্রিক ক্ষতিকর, কদর্য গানের ক্যাসেট, কিংবা বাদ্য সংযুক্ত গানের ক্যাসেটের ব্যবসা করাও জায়েয নয়। কিন্তু ওয়ায, তিলাওয়াত, বাদ্যবিহীন না'ত ইত্যাদির ক্যাসেট ক্রয়-বিক্রয় জায়েয আছে।

যদি কোন সন্তান পিতা-মাতার ইচ্ছার বিরুদ্ধে গুনাহের ব্যবসায় লিপ্ত হয়, তাহলে তাকে বাধা প্রদান করা পিতা-মাতার উপর ফরয। যদি সন্তান না মানে বা চাপ সৃষ্টি করা অসম্ভব হয়ে পড়ে, তাহলে উপদেশ-নসীহতের সিলসিলা জারী রাখবে এবং তার উপার্জন গ্রহণ করা থেকে বিরত থাকবে। (প্রমাণ: ফাতাওয়া রাহীমিয়া ৬:২৭২; মিশকাত শরীফ ১:২৪২)

টিভি-অডিও ক্যাসেট ইত্যাদি বিক্রি করা ও তার ব্যবসা | ইসলামী যিন্দেগী