বিদায়ী জুমুআয় উমরী কাজার সাওয়াব
প্রশ্ন
বিদায়ী জুমুআয় উমরী কাজার সাওয়াব সম্পর্কে যা প্রচলণ আছে তা কী সহীহ?
উত্তর
যে ব্যক্তি রমাযান মাসের শেষ জুমুআয় ফরজ নামাযের মধ্য থেকে কোন একটি কাজা নামায আদায় করবে, সেটি তার জীবনের সত্তর বছরের কাজা নামাযের জন্য যথেষ্ট হবে।
এমনিতেই রমাযান মাস অতি গুরুত্বপূর্ণ মাস। এই মাসের শেষ দশকের গুরুত্ব আরো বেশী। তার উপর আবার শুক্রবার। সব মিলে রমাযানের এই শেষ জুমআর দিনটি খুবই তাৎপর্যপূর্ণ। কিন্তু তার অর্থ এই নয় যে, এ দিন সম্পর্কে মনগড়া কোন ইবাদত, নামায ইত্যাদি প্রবর্তন করা যাবে। নিজ থেকে কোন ফজীলত আবিষ্কার করা যাবে। কিন্তু বড্ড পরিতাপের বিষয় হচ্ছে, এই দিনটিকে কেন্দ্র করে পরবর্তীতে অনেক রকম রেওয়াজ ও জাল হাদীস সৃষ্টি হয়েছে। রমাযান মাসের শেষ জুমআর ফজীলত সম্পর্কে আজগুবি অনেক কিছুই জনশ্রুত আছে। তারই অন্যতম একটি হচ্ছে আলোচ্য এই জাল হাদীসটি। মোল্লা আলী কারী রহ. এ সম্পর্কে বলেন যে, এটি নিশ্চিত বাতিল কথা, কেননা এ ব্যাপারে উম্মতের ঐক্যমত রয়েছে যে, কোন একটি ইবাদত বহু বছরের অনাদায়কৃত ইবাদতের বদল হতে পারে না। (আল মাওযুআতুল কুবরা -১২৫) রমাযানের শেষ জুমুআর ফজীলত সম্পর্কে এ ধরনের আরো যত হাদীস আছে সবই জাল, সহীহ হাদীসে এর কোন প্রমাণ খুঁজে পাওয়া যায় না।