মুজারিব ব্যবসার টাকা নিজে খরচ করার পর তার থেকে লাভ নেয়া
প্রশ্ন
জনৈক ব্যক্তি কিছু টাকা ২ জনকে ব্যবসা করার জন্য দিয়েছে- এ শর্তে যে, লভ্যাংশের ৬০% মালিকের, আর বাকী ৪০% ভাগ টাকা ব্যবসায়ীর। এখন প্রথম ব্যক্তি তাঁর প্রাপ্ত টাকা দিয়ে ব্যবসা করে লভ্যাংশের নির্ধারিত অংশ মালিককে যথারীতি দিয়েছে। কিন্তু অপর ব্যবসায়ী তার প্রাপ্ত টাকা ব্যবসার কাজে না লাগিয়ে নিজের পারিবারিক খাতে ব্যয় করে ফেলেছে। তাই সে লভ্যাংশের কিছু দিতে পারেনি। এদিকে মালিক প্রথম ব্যবসায়ীর লভ্যাংশের উপর ভিত্তি করে দ্বিতীয় ব্যবসায়ী থেকেও ঐ পরিমাণ লভ্যাংশ (তাদের পরস্পর সম্মতিক্রমে) গ্রহণ করে। এখন প্রশ্ন হল- মালিক দ্বিতীয় ব্যবসায়ী থেকে যে টাকা লভ্যাংশ হিসেবে গ্রহণ করলো, শরী‘আত মতে বৈধ কি-না?
উত্তর
দ্বিতীয় ব্যক্তি থেকে ৬০% লাভ নেয়া তখনই জায়েয হবে, যখন সে প্রাপ্ত টাকা ব্যবসার কাজে ব্যয় করবে। আর যদি ব্যবসার কাজে ব্যয় না করে নিজের পারিবারিক কাজে ব্যয় করে, তাহলে এটাকে করয ধরা হবে। যদিও দাতা করয হিসেবে দেয়নি। আর করয দিয়ে লাভ নেয়া হারাম। সুতরাং, দ্বিতীয় ব্যক্তি থেকে লাভ নেয়া জায়েয হয়নি। অবশ্য দ্বিতীয় ব্যক্তি চুক্তি ভঙ্গ করার কারণে অন্যায়কারী ও গুনাহগার হবে।