যাদেরকে যাকাত দেয়া জায়েয

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩০ এপ্রিল, ২০২৫যাকাত

প্রশ্ন

যাদেরকে যাকাত দিলে যাকাত আদায় হয়ে যাবে তাদের একটা তালিকা জানালে উপকৃত হবো?

উত্তর

যাদেরকে যাকাত দিলে যাকাত আদায় হয়ে যাবে তাদের একটা তালিকা নিম্নে প্রদত্ত হল:

১। নিজের হাকিকী, বৈমাত্রেয়, বৈপিত্রেয় এবং দুধ ভাই-বোনদের কে এবং তাদের সন্তানদেরকে যাকাত দেয়া জায়েয।

২। নিজের চাচা-ফুফু এবং তাদের সন্তানাদী।

৩। স্বীয় মামা-খালা এবং তাদের সন্তানাদী।

৪। সতালো মা-বাপা এবং তাদের সন্তানাদী।

৫। নিজের শশুর-শাশুড়ী এবং তাদের সন্তানাদী।

৬। মালদার সন্তানের পিতা মাতাকে, যদি তারা উপযুক্ত হয়।

৭। মালদার ব্যক্তির বালেগ সন্তান, যদি সে হকদার হয়।

৮। মালদারের স্ত্রী-যদি সে উপযুক্ত হয়।

৯। মালদার স্ত্রীর স্বামী-যদি সে যাকাত পাওয়ার হকদার হয়।

১০। নিজের জামাই এবং ছেলেবৌ কে যাকাত দেয়া জায়েয।

১১। উস্তাদের জন্য ছাত্রকে এবং ছাত্রের জন্য উস্তাদকে।

১২। স্বামী তার স্ত্রীর এমন সন্তানকে যাকাত দিতে পারবে যে তার পূর্বের স্বামীর ঔরষে জন্ম নিয়েছে।

১৩। স্ত্রী তার স্বামীর এমন সন্তানকে যাকাত দিতে পারবে যে তার পূর্বের স্ত্রীর গর্ভে জন্ম নিয়েছে।

১৪। মুসাফিরকে যাকাত দেয়া যাবে যদি সফরে সে রিক্ত হস্ত হয়। চাই বাড়িতে তার অনেক মাল থাকে।

১৫। নাবালেগ অভাবীকে দেয়া যাবে যদি তার পিতা সাহেবে নিসাব না হয়। চাই তার মা সাহেবে নিসাব হোক।

১৬। স্ত্রী তার স্বামীর অন্য স্ত্রীর সন্তানদেরকে দিতে পারবে।

১৭। যার আয় রোজগার অনেক কিন্তু ঋণগ্রস্ত। ঋণ আদায় করতে পারছে না, তাকে ও যাকাত দেয়া যাবে।

উপরোল্লিখিত লোকজন যদি যাকাত পাওয়ার উপযুক্ত হয় তাহলে তাদের কে যাকাতের অংশ থেকে প্রদান করা যাবে এবং যাকাতের কথা উল্লেখ করারও কোন প্রয়োজন নেই। নিজেই নিয়ত করে নেয়া যথেষ্ট। (ইমদাদুল ফাতওয়া-৩-১২, দারুল উলুম ৬/২৩৭-২৩৮-১৯৬-২৪৫- আহসানুল ফাতওয়া-৪/১৬৯, আলমগীরী-৪-৪০ মাহমুদিয়া-১৩/১০৬)

যাদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না

১। নিজের পিতা, দাদা-পরদাদা দাদী।

২। নিজের মা নানা-নানী পরনানা-পরনানী।

৩। নিজের ছেলে, পোতা, পোতি এবং তাদের সন্তানরা।

৪। নিজের মেয়ে, নাতি-নাতনী এবং তাদের সন্তানেরা।

৫। স্বামী স্বীয় স্ত্রীকে এবং স্ত্রী স্বীয় স্বামীকে যাকাত দিতে পারবে না।

৬। মাদ্রাসার শিক্ষককে এবং মসজিদের ইমামকে যাকাতের টাকা দিয়ে বেতন দেয়া জায়েয নেই।

৭। যাকাতের টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা, খানকাহ এতিম খানা হাসপাতাল-রাস্তা, কালভার্ট ইত্যাদি তৈরী করা জায়েয নেই।

৮। যাকাতের টাকা দিয়ে মুর্দারের কাফন কেনা বা গোরস্তানে খরচ করা।

৯। যে সব সুরতে কাউকে মালিক বানানো হয় না সে সব সুরতে যাকাত আদায় হবে না।

১০। রাসূলেআকরাম ﷺএর বংশের কাউকে যাকাত দেয়া যাবে না। (আহসানুল ফাতওয়া-৪-৪৬৯; দারুল উলুম- ৬/২৯২-২৮২-২১২ ফাতওয়ায়ে মাহমুদিয়া-১৩-৬৯)

যাদেরকে যাকাত দেয়া জায়েয | ইসলামী যিন্দেগী