ঘুষ দিয়ে চাকুরী নেয়া
প্রশ্ন
ঘুষ দিয়ে চাকরী নেয়া কতটুকু পাপ? ঘুষ দাতা এবং গ্রহীতা উভয়েই কি সমপরিমাণ গোনাহের ভাগী হবে? ঘুষের ব্যাপারে যে সহযোগিতা করে তারই বা কতটুকু পাপ হবে?
উত্তর
ঘুষ গ্রহণ করা সর্বাবস্থায় হারাম ও কবীরা গুনাহ। আর অবৈধ সুযোগ নেয়ার জন্য ঘুষ দেয়াও হারাম এবং কবীরা গুনাহ। তবে জানমাল ও ইজ্জত-আব্রু থেকে জুলুম দূর করার জন্য বা বৈধ জিনিষ রক্ষা করার জন্য অপারগ হয়ে ঘুষ দেয়ার অবকাশ আছে। এ ক্ষেত্রে ঘুষদাতা গুনাহগার না হলেও গ্রহীতা সর্বাবস্থায় গুনাহগার হবে। ঘুষ দিয়ে চাকরী নেয়ার ব্যাপারে শরঈ হুকুম হল, আর্থিক অবস্থা যদি অসচ্ছল হয় এবং আর্থিক সংকটের কারণে চাকরী করা অত্যাবশ্যক হয়ে পড়ে, আবার ঘুষ ছাড়া চাকরী পাওয়ার ও কোন সুযোগ না থাকে এবং তার মধ্যে আবেদন কৃত পদের দায়িত্ব পালনের যথাযথ যোগ্যতাও আছে, তাহলে তার প্রাপ্য হক ও অধিকার আদায়ের জন্য অপারগ অবস্থায় ঘুষ দিয়ে চাকরী নেয়ার অবকাশ আছে, এতে দাতার কোন গুনাহ নেই। আর যদি উল্লেখিত শর্ত সমূহ না পাওয়া যায় তাহলে ঘুষ দিয়ে চাকরী নেয়া জায়েয হবে না। (ফাতাওয়া শামী-৬-৪২৪; জাদীদ ফিকহী মাসায়িল-১-৪৩৩)