ছোট বাচ্চাদেরকে উপহার বা টাকা অভিভাবকের ব্যবহার

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩ ফেব্রুয়ারি, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

ছোট বাচ্চাদেরকে আত্মীয় স্বজন কর্তৃক যে সমস্ত জিনিস হাদিয়া দেয়া হয় যেমন টাকা-পয়সা, কাপড় চোপড় ইত্যাদি। এই সব জিনিস তার পিতামাতা সাংসারিক কাজে খরচ করতে পারবে কি না এবং তার কাপড় চোপড় ব্যবহারের অনুপোযোগী হয়ে গেলে পিতা- মাতা বা অন্য মুরব্বীগণ তা দান করে দিতে পারবেন কি না?

উত্তর

ছোট বাচ্চাদেরকে আত্মীয় স্বজন বা অন্য কেউ যে টাকা-পয়সা কাপড়-চোপড় হাদিয়া দেয় তার মালিক স্বয়ং ঐ বাচ্চাই, অনুরূপভাবে পিতামাতা সন্তানদেরকে যে পোশাকাদি বানিয়ে মালিকানা দিয়ে দেন তার মালিক ঐ সন্তানরা। ছোট বাচ্চা যেমনিভাবে নিজের সম্পদ অন্যকে দিতে পারে না, অনুরূপভাবে ছোট নাবালেগ বাচ্চাদের সম্পদ তার মুরব্বীগণও কাউকে দিতে পারবে না বা দান করতে পারবে না। এমনকি অন্য লোককে ঋণও দিতে পারবে না। পিতা-মাতা বা মুরব্বীগণ শুধু উক্ত সম্পদ হিফাযত করবেন, আর বাচ্চার বিশেষ প্রয়োজনে খরচ করতে পারবেন। সুতরাং উল্লেখিত অবস্থায় ছোট শিশুর সম্পদ, কাপড়-জামা টাকা-পয়সা বিনা অপারগতায় সংসারে ব্যয় করা যাবে না। এ জন্য পিতা-মাতার কর্তব্য যে, ছেলে-মেয়েদের ব্যবহারের জন্য যে সব জিনিস পত্র দিবেন তা শুধু ব্যবহারের জন্যই দিবেন তাকে মালিক বনিয়ে দিবেন না। যাতে প্রয়োজনের সময় অন্যকে দেবার অধিকার পিতার হাতেই থাকে। (বেহেশতী যেওর ৫-৪৬)।

ছোট বাচ্চাদেরকে উপহার বা টাকা অভিভাবকের ব্যবহার | ইসলামী যিন্দেগী