মাসাইল
১০০%

মসজিদে পেপার-পত্রিকা পড়া

প্রশ্ন

মসজিদের বারান্দায় পত্র-পত্রিকা পড়া নিয়ে আমাদের এখানে বেশ বিতর্ক চলছে। কেউ দেশ-বিদেশের খবরাখবর জানার জন্য পত্র-পত্রিকা পড়ে থাকে। কেউ পড়ে ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার খবর। আবার কেউ বিনোদন পাতার বিভিন্ন বিষয় পড়ে যা অশ্লীল ছবিতে ভরপুর থাকে। তো এ ধরনের পত্র-পত্রিকা মসজিদে বা মসজিদের বারান্দায় পড়ার কি হুকুম?

উত্তর

পত্র-পত্রিকায় যে সব অশ্লীল ছবি থাকে তাতো এমনিতেই দেখা নাজায়িয। আর মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। তার মর্যাদা ও আদব অপরিসীম। তাই মসজিদে বা মসজিদের বারান্দায় এসব পত্রিকা পড়া বা খোলামেলা রাখা জায়েয হওয়ার প্রশ্নই আসে না।

সেখানে এ ধরনের পত্রিকা পড়ার আসর জমানোর দ্বারা মসজিদের সম্মান ও পবিত্রতা ক্ষুণ্ণ হয়। এটিও গুনাহের কাজ, তাই এসব গুনাহ থেকে বেঁচে থাকা এবং মসজিদের আদব সম্মান বজায় রাখার জন্য সচেষ্ট থাকা সকলের ঈমানী কর্তব্য।