মাসাইল
১০০%

প্রচলিত কিছু ভুল হাদীস

প্রশ্ন

আমাদের সমাজে লোকমুখে এমন অনেক কথা প্রচলিত আছে-এই বিষয়ে জানালে উপকৃত হবো।

উত্তর

আমাদের সমাজে লোকমুখে এমন অনেক কথা প্রচলিত আছে। যেগুলোকে আমরা হাদীস হিসেবে জানি এবং হাদীস হিসাবেই সেগুলোকে বিভিন্ন জায়গায় বর্ণনা করে থাকি। অথচ যেটি হাদীস না সেটিকে হাদীস হিসেবে বর্ণনা করা যে কত বড় গুনাহর কাজ তা বলার অপেক্ষা রাখে না। এই জন্য হাদীস বলার সময় খুবই সতর্কতা অবলম্বন করা উচিৎ। এখানে আমরা পাঠকদের জ্ঞাতার্থে বেশ কিছু প্রচলিত ভুল হাদীস তুলে ধরছি যাতে তারা এগুলিকে হাদীস হিসেবে প্রচার করা থেকে বিরত থাকতে পারেন। অনেক সময় দেখা যায় বাপ-দাদার আমল থেকে যে সব বিষয়গুলি চলে আসছে তার বিরুদ্ধে কোন কিছু জানলে আমরা সেটাকে সহজে মেনে নিতে পারি না, অনেক ক্ষেত্রে প্রতিবাদ করে উঠি যে, তাহলে বাপ-দাদারা কি ভুল করেছিল? এ সমস্ত কথা তো আমরা আগে শুনি নাই এখন এসব নতুন নতুন কথা কোথেকে আসছে? এ ধরনের আরো অনেক যুক্তি দাঁড় করিয়ে তারা বাপ-দাদাদের কাজগুলিকে সঠিক প্রমাণিত করতে উঠে পড়ে লাগে যা খুবই নিন্দনীয় বিষয়। কেননা শুধু বাপ দাদা কেন; আলেম-উলামা আর পীর বুযুর্গদের কোন কাজ এবং কথাও যদি কুরআন-হাদীস বিরোধী হয় তাহলে অবশ্যই বর্জন করতে হবে।

মনে রাখতে হবে যে, শরী‘আতে দলীল হচ্ছে চারটি, কুরআন, হাদীস, ইজমা, কিয়াস। সুতরাং কোন ব্যক্তি চাই তিনি যত বড়ই হোন না কেন, তার কোন কথা কিংবা কাজ যদি এই দলীল চতুষ্ঠয়ের সাথে সংঘর্ষপূর্ণ হয় তাহলে সেটিকে গ্রহণ করার কোন অবকাশ নেই। অনুরূপভাবে কোন প্রতিষ্ঠান বা কোন দেশের আমলও গ্রহণযোগ্য হবে না যদি কিনা কুরআন হাদীসে তার প্রমাণ না থাকে। সুতরাং অনেক হাদীস এমনও আছে যা আমরা বাপ-দাদার আমল থেকে শুনে আসছি কিন্তু তাহকীক করার পরে যদি দেখা যায় যে, সেটি জাল বা ভুল হাদীস তাহলে নির্দিধায় সেটিকে ছেড়ে দিতে হবে। বাপ-দাদারা করে এসেছে এই ঠুনকো দলীলে সঠিকটা গ্রহণ করা থেকে বিরত থাকা গোয়ার্তুমি ছাড়া আর কিছুই না।