একই ব্যক্তি ক্রেতা-বিক্রেতা হওয়া

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৬ মার্চ, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

আমরা দশজন সদস্য মিলে একটি সমিতি গঠন করেছি। এতে আমরা মাসিক মাথাপিছু কিছু চাঁদা জমা করি। জমাকৃত টাকা বিভিন্ন খাতে বিনিয়োগ করি। বিনিয়োগ নিম্নলিখিত নিয়মে করে থাকি-

আমাদের একজন সদ্য টাকার জন্য আবেদন করে। আমরা তাকে ৮০০ টাকা মণ দরে গুড় কিনে ৮৫০ টাকা দরে তারই নিকট বিক্রির অনুমতি দিয়ে ২০ মণ গুড় হতে ১০০০ (এক হাজার) টাকা লাভ করি। আমরা অন্য কোন সদস্য তার সাথে যাই না বা মাল ক্রয় করতে সাহায্য করি না। উক্ত ব্যবসা শরী‘আত মোতাবেক শুদ্ধ হবে কি না?

উত্তর

আপনারা যে ভাবে ক্রয়-বিক্রয় করছেন, তা সহীহ হয়নি। কেননা, উক্ত ক্রয়-বিক্রয়ের মধ্যে একই ব্যক্তিকে ক্রেতা ও বিক্রেতা হতে হয়। আর এটা জায়েয নয়।

কারণ, উক্ত ব্যক্তি প্রথমে আপনাদের পক্ষ থেকে ৮০০ (আট শত) টাকা দরে গুড় ক্রয় করল। পরে ৮৫০ টাকা দরে নিজের কাছ থেকে নিজে ক্রয় করল। এর দ্বারা একই ব্যক্তি ক্রেতা এবং বিক্রেতা সাব্যস্ত হয়েছে। কাজেই উক্ত ক্রয়-বিক্রয় জায়েয হয়নি।

তবে জায়েয হওয়ার একটা ভাল পদ্ধতি আছে। তা হল, আপনাদের পক্ষ থেকে যে কোন এক ব্যক্তি উকীল হয়ে বাজার থেকে গুড় ক্রয় করবে। তারপর উক্ত উকীল অন্য কোন ব্যক্তির নিকট চাই আপনাদের সদস্য হোক বা অন্য কেউ যে বাকীতে ৮৫০ টাকা দরে কিনতে চায়, তার নিকট ৫০ টাকা লাভে বাকীতে বিক্রি করবে। তাহলে এ লাভ গ্রহণ জায়েয হবে। (প্রমাণ: ফাতহুল কাদীর, ৩:১৯৭)

একই ব্যক্তি ক্রেতা-বিক্রেতা হওয়া | ইসলামী যিন্দেগী