অবৈধভাবে উপার্জিত টাকা দান করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৬ মার্চ, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

একজন ইমাম সাহেব ওয়াযের মাহফিলে বললেন, হারাম রোযগারের টাকা দিয়ে কোন ধরনের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না এবং যারা অসৎ পথে টাকা রোযগার করছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আমার প্রশ্ন হলো, আমি লণ্ডনে থাকি এবং সেখানে আমার একটা রেষ্টুরেন্টও আছে। সেই রেষ্টুরেন্টে আমি মদও বিক্রি করি। আমার এই মদের টাকা দিয়ে আমি সদকা, যাকাত ও কুরবানী- সব কিছুই আদায় করে আসছি। এসব কি তাহলে সহীহ হচ্ছে না?

উত্তর

মদের ব্যবসায় উপার্জিত অর্থ দ্বারা এমনিভাবে অসৎ পথে উপার্জিত হারাম টাকা দিয়ে কোন ইবাদত যেমন যাকাত, কুরবানী ও দান- সদকাহ ইত্যাদি করলে, তা কবুল হবে না।

এ ধরনের টাকা তার আসল মালিক বা তার ওয়ারিসদের নিকট তালাশ করে পৌঁছানো জরুরী। খুঁজে না পেলে বা মালিক জানা না থাকলে কিংবা অন্য কোন কারণে দেয়া সম্ভব না হলে, নিজের জন্য সাওয়াবের নিয়্যত না করে তা গরীব, ফকীর-মিসকীনদেরকে দিয়ে দিতে হবে যাতে মূল মালিক সাওয়াব পান।

ইসলামের দৃষ্টিতে মদ ব্যবসা অবৈধ, তা যে কোন দেশেই হোক না কেন। যেখানে মদকে একাধিক আয়াত ও হাদীস দ্বারা কঠোরভাবে হারাম ঘোষণা করা হয়েছে, সেখানে কিভাবে মদ ব্যবসা হালাল হতে পারে? নির্ভরযোগ্য ফাতাওয়া অনুযায়ী দারুল হরব তথা ইসলাম বিদ্বেষী অমুসলিম বেদ্বীনদের দেশেও মুসলমানদের মদ ব্যবসা নাজায়েয। (প্রমাণ: মাজাল্লাতুল ফিকহিল ইসলামী, ২:২৪৬ আযীযুল ফাতাওয়া, ১৪৬৪৭)

অবৈধভাবে উপার্জিত টাকা দান করা | ইসলামী যিন্দেগী