কোন মুসলমানের সাথে তিন দিনের বেশী কথা না বলা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫বান্দার হক, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

আমরা শুনেছি কোন মুসলমান যদি অপর মুসলমানের সাথে তিন দিন পর্যন্ত কথা না বলে এবং এই অবস্থায় মারা যায় তাহলে সে জাহান্নামী হবে। এই মাসআলাটা কি শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য নাকি সকলের ব্যাপারে?

উত্তর

কারো সাথে যদি এই জন্য সম্পর্ক ছিন্ন করা হয় যে, তার দ্বীনী হালত ভাল না, আমল খারাপ, তার সাথে সম্পর্ক ছিন্ন করলে সে সতর্ক হয়ে যাবে এবং নিজের সংশোধন করবে, অথবা তার পক্ষ থেকে কোন ক্ষতি হওয়ার আশংকা থাকে তাহলে উক্ত ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করলে কোন ক্ষতি নেই। কিন্তু এটা যদি নিজের ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য বা দুনিয়াবী কোন কারণে করা হয় এবং এই অবস্থায় তিন দিন অতিবাহিত হয়ে যায়, কোন শরয়ী স্বার্থ ও জড়িত না থাকে তাহলে সেটা নিন্দনীয়। এই হুকুম সকলের জন্যই সমানভাবে প্রজোয্য। স্বামী-স্ত্রীর আলাদা কোন বৈশিষ্ট নেই। এসম্বন্ধে ফাতওয়ার কিতাবে বলা হয়েছে- কোন মুমিনের জন্য অপর কোন মুমিনের সাথে তিন দিনের বেশী সম্পর্ক ছিন্ন করা জায়েয নেই। তৃতীয় দিন অতিবাহিত হয়ে গেলে তার জন্য উচিৎ অপর জনের সাথে সাক্ষাত করে তাকে সালাম করবে, যদি সে সালামের উত্তর দেয় তাহলে উভয়ে সওয়াবের অংশীদার হবে, আর যদি সে উত্তর না দেয় তাহলে গুনাহগার হবে। অন্য এক বর্ণনায় আছে, যে ব্যক্তি তিন দিনের বেশী সম্পর্ক ছিন্ন করল এবং এই অবস্থায় মারা গেল সে জাহান্নামে প্রবেশ কবে। (নাউযুবিল্লাহ) (জামউল ফাওয়ায়িদ ১৬০/২; মিশকাত-২-৪২৮)

কোন মুসলমানের সাথে তিন দিনের বেশী কথা না বলা | ইসলামী যিন্দেগী