সুন্নত তরীকার বিবাহ

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১০ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

শরী‘আত অনুযায়ী বিবাহের অনুষ্ঠান কিভাবে করতে হবে? গায়ে হলুদ লাগানো, বৌভাত করা ইত্যাদি কেমন?

উত্তর

শরী‘আত মত বিবাহের নিয়ম হল, তাতে বেশী জাকজমক করবে না। নাম-ধামের জন্য প্রয়োজনের বেশী খরচ করবে না। খুবই সাদাসিদে ভাবে বিবাহ হতে হবে। যেই পরিমাণ মোহর আদায় করার সামর্থ থাকে সেই পরিমাণ মোহর ধার্য্য করা সুন্নত। তবে ১০ দিরহাম (পৌনে তিন ভরি রুপা) মূল্যের কম যেন না হয়। ইজাব ও কবুলের দ্বারাই বিবাহ সম্পন্ন হয়। অভিভাবকের জন্য বিবাহের পূর্বে মেয়ে থেকে ইজাযত নেয়া সুন্নত। কন্যাকে বলা হবে যে অমুকের কাছে এত টাকা মোহর ধার্য্য করে তোমাকে বিবাহ দিচ্ছি তুমি রাজি আছ? মেয়ের পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর কাজী বা কোন আলেম বা ইমাম সাহেব বিবাহের খুৎবা পড়বেন। অতঃপর ওলী বরের নিকট প্রস্তাব পেশ করবেন। বর কবুল করবেন। বিবাহ শাদীতে বর কনের গোসল ও হলুদ দেয়ার প্রথা, এতে বেপর্দা হওয়া, ক্ষীর খাওয়ার উৎসব করা, নতুন বধুকে বরন করার যাবতীয় অনুষ্ঠান, বেপর্দায় পুরুষ- মহিলার সংমিশ্রণ প্রভৃতি শরী‘আত বিরোধী কাজ। জামাইকে পাটায় উঠানো, উভয়কে মিষ্টি মুখ করে তামাশা করা, বরের হাতে মেহেদী লাগানো, রং ছিটাছিটি ইত্যাদি সবই কুপ্রথা ও গর্হিত কাজ। এসব নাজায়েয ও কবীরা গুনাহের অন্তর্ভুক্ত। (ইসলামী শাদী-২৩৮)

সুন্নত তরীকার বিবাহ | ইসলামী যিন্দেগী