মাহদী (আলাইহীর রিযওয়ান) আগমনের পূর্বের কিছু আলামত

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৮ মে, ২০২৫ঈমান আক্বাইদ

প্রশ্ন

মাহদীর (আলাইহীর রিযওয়ান) আগমনের ঠিক পূর্ব মুহূর্তে কি ধরনের ঘটনা ঘটতে পারে। হাদীসে কি এ ব্যাপারে কিছু বর্ণিত আছে?

উত্তর

হযরত উম্মে সালমা রা. থেকে বর্ণিত একটি হাদীস এ ব্যাপারে প্রনিধাণযোগ্য। তিনি রাসূলে আকরাম ﷺ এর ইরশাদ নকল করে বলেন, জনৈক খলীফার মৃত্যুর পরে (তার উত্তরাধিকার নির্বাচনের ব্যাপারে) মতবিরোধ দেখা দেবে। তখন মদীনা- বাসীদের একজন মদীনা থেকে পালিয়ে মক্কায় আশ্রয় নেবে (এই পলায়ন কারী হবেন স্বয়ং হযরত মাহদী রা.) তিনি মদীনা থেকে এই আশংকায় পালিয়ে আসবেন যে তাকে আবার খলীফা না বানিয়ে দেয়- কিন্তু তার অস্বীকৃতি সত্ত্বেও লোকেরা তাকে খলীফা নির্বাচিত করবে। সুতরাং হাজরে আসওয়াদ এবং মাকামে ইবরাহীমের মধ্যবর্তী স্থানে লোকেরা তার হাতে বাইয়াত হবে। অতঃপর শাম থেকে একটি বাহিনী তার বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠানো হবে। কিন্তু মক্কা-মদীনার মধ্যবর্তী 'বায়দা' নামীয় একটি জায়গায় এই লশকরকে জমীনে ধসিয়ে দেয়া হবে। তখন দুর দুরান্তের লোক জন হযরত মাহদী সম্মন্ধে জানতে পারবে। তারপর শাম থেকে আবদাল-বুযুর্গদের জামা‘আত এবং ইরাকের বিভিন্ন জামা‘আত তার খেদমতে হাজির হয়ে তার হাতে বাইয়াত হবে। এরপর ক্বুরইশ বংশীয় এক ব্যক্তি যার মাতুলালয় হবে বনু কুলাইব গোত্র, সে হযরত মাহদীর বিপক্ষে দাঁড়াবে। তিনি বনু কুলাইবের বিরুদ্ধে একটি বাহিনী প্রেরণ করবেন যারা সেখানে বিজয়ী হবে। বড় মাহরুম ঐ ব্যক্তি যে বনু কুলাইবের মালে গনীমত ভাগ বাটোয়ারার সময় সেখানে উপস্থিত থাকল না। হযরত মাহদী প্রচুর পরিমাণে মাল-সামানা বিলিবন্টন করবেন আর লোকদের কে নবীর সুন্নত অনুযায়ী আমল করাবেন। ইসলাম যমীনে তার গর্দান বিছিয়ে দেবে। অর্থাৎ ইসলাম স্থায়িত্ব ও দৃঢ়তা লাভ করবে। হযরত মাহদী রা. সাত বছর থাকবেন, এর পর তার ইন্তিকাল হয়ে যাবে। মুসলমানরা তার জানাযার নামায আদায় করবে। (মিশকাত ৪৭১)

মাহদী (আলাইহীর রিযওয়ান) আগমনের পূর্বের কিছু আলামত | ইসলামী যিন্দেগী