স্টক ব্যবসা করা
প্রশ্ন
খাদ্যদ্রব্য অর্থাৎ ধান, গম, ইত্যাদি জিনিসের স্টক ব্যবসা সম্পর্কে শরী‘আতের হুকুম কি?
উত্তর
প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও জিনিসপত্র অধিক মুনাফার আশায় ইহতিকার ও স্টক করা শরী‘আতের দৃষ্টিতে মাকরূহে তাহরীমী এবং বড়ই অপছন্দনীয় ও আল্লাহর নারাযীর কাজ। অবশ্য শুধুমাত্র জমা রাখলেই শরী‘আতের দৃষ্টিতে ইহতিকার বা স্টক বলা যায় না। বরং শরী‘আতের দৃষ্টিতে ইহতিকারের ব্যাখ্যা নিম্নরূপঃ
"মানুষ বা প্রাণীদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জিনিষপত্র সংশ্লিষ্ট এলাকা থেকে ক্রয় করে এমনভাবে জমা করে রাখা যে, বিশেষ প্রয়োজনের মুহূর্তেও (অর্থাৎ যখন উক্ত মালের অভাবে মানুষ ও অন্যান্য প্রাণীদের কষ্ট হয়) আরো বেশী মুনাফার আশায় বিক্রয় না করাকেই ইহতিকার বা স্টক বলা হয়।
ইহতিকার-এর দ্বারা উদ্দেশ্য থাকে যে, মাল আটকিয়ে রেখে জিনিসপত্রের মূল্য প্রচুর বৃদ্ধি পেলে বা দুর্ভিক্ষ শুরু হয়ে গেলে, মানুষ ও প্রাণীদের দুঃখ ও কষ্টকে হাতিয়ার বানিয়ে নিজে লাভবান হবে। শরী‘আতে তা নাজায়েয। কিন্তু যে ব্যক্তি নিজ কর্তৃক উৎপাদিত প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জিনিসপত্র জমা করে রাখে বা দূরবর্তী এলাকা যেখান থেকে সাধারণতঃ সংশ্লিষ্ট এলাকায় খাদ্যসামগ্রী ও জরুরী জিনিসপত্র আসে না, সেখান থেকে ক্রয় করে এনে জমা করে রাখে বা নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জিনিসপত্র ছাড়া অন্য জিনিসপত্র (যা মৌলিক প্রয়োজনে পড়েনা এমন জিনিস) জমা রাখে, তাহলে সে ব্যক্তি শরী‘আতের দৃষ্টিতে মুহতাকির বা স্টককারী গণ্য হবে না।
তবে উল্লেখিত অবস্থায়ও যদি মানুষ কিংবা প্রাণীদের বিশেষ প্রয়োজন দেখা দেয়, তাহলে সম্পদ আটকিয়ে না রেখে ন্যায্য মূল্যে বিক্রয় করা ইসলাম ও মনুষ্যত্বের দাবী। (প্রমাণঃ ফাতাওয়া আলমগীরী, ৩:২১৩, ১৪# আল-বাহরুর রায়িদ, ৮:২০১, ২০২ # ইমদাদুল ফাতাওয়া ৩:১৯)